হবিগঞ্জে জাল টাকার ছড়াছড়ি, গ্রেফতার ১

 
ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। জেলার বিভিন্ন স্থানে তারা নিজেদের কর্মীদের দিয়ে অত্যন্ত সুকৌশলে এসব টাকা ছড়িয়ে দিচ্ছেন। ভাংতি নেয়ার কথা বলে কিংবা কিছু ক্রয় করে ব্যবসায়ীদের জাল নোট ধরিয়ে দেয় চক্রের সদস্যরা।
 
এ জন্য তারা বৃদ্ধ, শিশু-কিশোর, অশিক্ষিত এবং গ্রামাঞ্চলের সহজ-সরল ব্যবসায়ীদের টার্গেট করছে। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে জাল নোট চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতারের পর শনিবার থানায় হস্তান্তর করেছে র্যাব।
 
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মো. আজিজুল হক সরকারের নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে অভিযান চালানো হয়। এ সময় ৮১ হাজার টাকার জাল নোটসহ সোহেল মিয়া (৩০) নামে চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। জাল টাকার প্রত্যেকটিই ছিল ১০০০ টাকার নোট। শনিবার র্যাব বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে এবং গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যকে জাল নোটসহ থানায় হস্তান্তর করে।
 
গ্রেফতারকৃত সোহেল ওই উপজেলার রামপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।