অনুশীলনের পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সার্বিয়ান ফুটবলার গোরান গোজিকের মৃত্যু হয়েছে। চায়না দ্বিতীয় বিভাগের ক্লাব কিংডাও হাইনিউ এফসির হয়ে অনুশীলনে অংশ নিয়েছিলেন ২৯ বছর বয়সী গোজিক।
শুক্রবার অনুশীলনের পরে ক্লাবে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে গোজিককে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বার্তা সংস্থা সিংহুয়া সূত্রে এই তথ্য জানা গেছে।
হাইনিউ ক্লাবের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্ট করে মৃত্যুর কারণ জানায়নি। শনিবার ক্লাবের ওয়েসবাইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘গোজিকের আকস্মিত মৃত্যুতে ক্লাব গভীরভাবে শোকাহত। আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে।’
১৯৮৬ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণকারী গোজিক ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতেন। ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই তিনি সার্বিয়ায় কাটিয়েছেন। ২০১৩ সালের গ্রীষ্ম মৌসুমে তিনি রেড স্টার বেলগ্রেডে পাড়ি জমান। চলতি বছরের শুরুতে তিনি চাইনিজ ক্লাব হাইনিউতে যোগ দেন।
খবর বাসসের।