রাজধানীর বংশাল থানার আগাসাদেক এলাকায় এলাকায় অভিযান চালিয়ে অপহূত ইমরান হোসেনকে (১৮) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা ফেরিঘাট ও কামরাঙ্গীরচর থেকে ৮ অপহরণকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার দিনগত গভীর রাত পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, অপহূত ইমরান হোসেন বংশালের বেচারাম দেউরী এলাকায় থাকেন। গত ২ জুলাই রাতে বাসার অদূরে ৭ রওজা এলাকায় ফুলগাছ লাগানোর জন্য মাটি আনতে যান তিনি। এ সময় সাঈদ হোসেন নামের এক যুবকের সঙ্গে দেখা হয় তার। ইমরানকে ফুলগাছের জন্য মাটি দেয়ার কথা বলে কৌশলে তাকে অপহরণ করে বংশাল থানার আগাসাদেকের রোডে নির্মাণাধীন হাবিব টাওয়ারে আটকে রাখেন সাঈদ।
র্যাব-১০-এর অপারেশন অফিসার এএসপি খায়রুল আলম জানান—ইমরানকে না পেয়ে তার চাচা আতিকুর রহমান বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। র্যাব-১০ অফিসে গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান তিনি। অপহরণকারীরা মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলেও জানানো হয়। না দিলে ইমরানকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
এরই মধ্যে কেরানীগঞ্জের জিঞ্জিরা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী রনিকে আটক করে র্যাব। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে বংশালের পাকিস্তানমাঠ এলাকা থেকে ইমরান হোসেন (২২), নুরুল ইসলাম ওরফে রবিন (২০), আব্দুল্লাহ রাহিম ওরফে সবুজ (২১), জুয়েল মিয়া (২২), গোলাম হোসেন ওরফে রাকিব (২০), তানজিদ সিকদার ওরফে প্রান্ত (২০) ও মো. বাপ্পিকে (২০) গ্রেফতার করা হয়। এসময় হাবিব টাওয়ারের নীচ তলা থেকে ইমরানকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রনি ও রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহরণের মূল হোতা ইমরানকে (২১) গ্রেফতার করা হয়।