সিরিজ শুরুর আগে দুই দলের অধিনায়ক মিলে ট্রফি উন্মোচন করে থাকেন। গতকালও টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন মাশরাফি বিন মুর্তজা ও ফাফ ডু প্লেসিস। তবে দৃশ্যটা একটু অন্যরকম মনে হলো। দু’ জন ট্রফিটা পাশাপাশি ধরার বদলে ডু প্লেসিস ধরলেন একটু ওপরের দিকে এবং মাশরাফি নিচের দিকটায় হাত রাখলেন। হঠাত্ দেখলে মনে হতে পারে, ডু প্লেসিস ট্রফি তুলে দিচ্ছেন মাশরাফির হাতে! এই ট্রফিটা এখন হাতে রেখে দেয়ার পরীক্ষা।
বিশ্বের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি যুদ্ধে লড়ে এই ট্রফি নিজেদের হাতে রেখে দেয়া কষ্টসাধ্য ব্যাপার হবে বাংলাদেশের জন্য। তবে দেশীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সুন্দর সময় কাটাতে থাকা বাংলাদেশ আশা করতেই পারে এই ট্রফি জেতার ব্যাপারে।
আর এই আশাবাদ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আজ রবিবার শুরু হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। আজ দুপুর একটা থেকে শুরু হবে দু’ দলের বিশ ওভারের জমজমাট লড়াই। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশে শুরু হবে দক্ষিণ আফ্রিকার প্রায় দেড় মাসব্যাপী সফরের আনুষ্ঠানিকতা।
কাগজে কলমে আজকের টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকবে। দল হিসেবে এই ফরম্যাটে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার স্থান ৬ নম্বরে আর বাংলাদেশের অবস্থান ৯ তে। ব্যক্তিগত পারদর্শীতার হিসাবেও এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, জে পি ডুমিনি, ডেভিড মিলারদের মতো বিশ্ব কাঁপানো ব্যাটসম্যানদের সঙ্গে কাইল অ্যাবট বা রাবাদার মতো ভয়ঙ্কর ফাস্ট বোলার আছে এই দলে।
বিপরীতে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা অভিজ্ঞ নয়। আন্তর্জাতিক পর্যায়ে কম খেলে। অন্যদিকে, ঘরোয়া টি-টোয়েন্টিও বন্ধ অনেক দিন। এর পাশাপাশি সাকিব আল হাসান ছাড়া কেউই বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে অভ্যস্ত নন; যেখানে দক্ষিণ আফ্রিকার প্রায় সবাই আইপিএল থেকে শুরু করে নানা লিগে খেলে থাকেন।
তবে এসব হিসাবের বিপরীতে মাশরাফি বিন মুর্তজার কথাটাই মনে রাখা জরুরি। তিনি এই ম্যাচকে সামনে রেখে বলছিলেন, ‘অতীত বা রেকর্ড কখনো মাঠে সঙ্গী হয় না। এখানে প্রতিপক্ষর নাম দেখে ভয় পাওয়ার কারণ নেই। ভয় পেলে মাঠে না খেলে ঘরে বসে থাকাই ভালো।’
বাংলাদেশের জন্য আশার আলো জ্বালাচ্ছে সাম্প্রতিক ফর্ম। বিশ্বকাপে দুরন্ত ফল করা, ঘরের মাটিতে ভারত ও পাকিস্তানকে গুড়িয়ে দেয়ায় বাংলাদেশ দল তার সেরা সময়টা কাটাচ্ছে বললেও অন্যায় হবে না। আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা বাংলাদেশের পক্ষে তাই অতীত রেকর্ড কিংবা ইতিহাস বদলে দেয়া সম্ভব।
আজকের বহুল প্রতীক্ষিত ম্যাচে বাংলাদেশ ব্যাটসম্যান হিসেবে কার কার ওপর ভরসা করবে, সেটা বোঝা কঠিন কিছু নয়। তবে রহস্য রয়ে যাচ্ছে বোলিং নিয়ে। সম্প্রতি বাংলাদেশের চারজন পেসারই খুব ভালো করছেন। হাতে আছে সীমিত ওভারের এক ঝাঁক দারুণ স্পিনার। ঐতিহ্যগতভাবেই দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো স্পিনে একটু দুর্বল। তাই বাংলাদেশ ঠিক কেমন বোলিং আক্রমণ নিয়ে নামবে, তার উত্তর কেবল মাঠেই মিলবে।