রে সি পি

ক্যাপসিকামের স্বাদে

সবজি হিসেবে ক্যাপসিকাম এখন প্রায় সবারই পরিচিত। আর সবজিটি পাওয়া যায় সারাবছর জুড়েই হাতের নাগালে। তাই এবার এই ক্যাপসিকামের ৪টি রেসিপি দিয়েছেন আঞ্জুমান আরা রোজী

 

পেয়ারড ক্যাপসিকাম টফু পাকোড়া 

 

উপকরণ :তিন রঙের ক্যাপসিকাম জুলিয়ান আকারে কাটা ২ কাপ, টফু কুঁচি ১ কাপ, ময়দা ১/৪ কাপ, চালের গুঁড়া ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রণালি :ক্যাপসিকামের সঙ্গে তেল বাদে বাকি সব উপকরণ সামান্য পানি যোগ করে মেশান। প্যানে তেল গরম করে পাকোড়া আকারে ভাজুন বাদামি করে। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

 

স্পাইসি ক্যাপসিকাম কুকিজ

 

উপকরণ :ক্যাপসিকাম কুঁচি ১ কাপ, ময়দা ১ কাপ, আইসিং সুগার ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, মাখন ১/২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ।

প্রণালি :মাখনের সঙ্গে আইসিং সুগার ও গোলমরিচ গুঁড়া বিট করে নিন। এবার এতে ক্যাপসিকাম ব্লেন্ড করে তা মাখনের মিশ্রণে যুক্ত করে আবার বিট করুন। এবার এতে ময়দা ও বেকিং পাউডার যোগ করে হাত দিয়ে ভালোভাবে মেশান। এবার মিশ্রণটি বেলে কুকিজ কাটার দিয়ে কাটুন। বেকিং ট্রেতে কুকিজগুলো রেখে ওভেন প্রিহিট করে ১৬০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করুন।

 

ক্যাপসিকাম ফ্রায়েড রাইস

 

উপকরণ :কালোজিরা চাল ২ কাপ, তিন রঙের তিনটি ক্যাপসিকাম কুঁচি ১ কাপ, তেল ২ টেবিল চামচ, আদা বাটা ১/২ চা চামচ, সয়া সস ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি :প্রথমে চাল সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও আদা বাটা দিন। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ক্যাপসিকাম কিউব দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে সয়া সস ও গোল মরিচ গুঁড়া দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে স্বাদমতো লবণ দিন। হালকা আঁচে ঢেকে দিয়ে ৫ মিনিট রাখুন। চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন মজাদার ক্যাপসিকাম ফ্রাইড রাইস।

 

 

সৌটেড ক্যাপসিকাম চিকেন

 

উপকরণ :তিন রঙের তিনটি ক্যাপসিকাম কিউব ১ কাপ, মুরগির মাংস কিউব ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।

প্রণালি :মুরগির মাংসের সঙ্গে সয়াসস, গোলমরিচ গুঁড়া, আদা বাটা ও লেবুর রস দিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। প্যানে তেল দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে হালকা ভাজুন। এবার এতে ক্যাপসিকাম দিয়ে লবণ ছড়িয়ে হালকা ভেজে নিন। হয়ে গেল সৌটেড ক্যাপসিকাম চিকেন।