প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থে রাজনীতিবিদদের অারো সতর্ক হওয়া উচিত। তিনি বলেন, বিচার র্বিভাগ এখন সম্পুর্ণ স্বাধীন।
রবিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানিকালে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রের আল-গোর ও জর্জ ডব্লিউ বুশ মামলার সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, এটি একটি নির্বাচনী বিষয়ক মামলা ছিল। এ মামলায় আমেরিকার প্রেসিডেন্ট কে হবে তার সিদ্ধান্ত দিয়েছিল আদালত। কিন্তু তারা দু'জন বিচার বিভাগের মর্যাদা রক্ষার স্বার্থে এ মামলার রায়ের বিষয়ে কোন মন্তব্য করা উচিত হবে না বলে সিদ্ধান্ত নেন।
এ পর্যায়ে খন্দকার মাহবুব বলেন, কাগজে কলমে স্বাধীন হলেও বাস্তবে বিচার বিভাগ স্বাধীন নয়। তবে আপনি আসার পর বিচার বিভাগে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে।
এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতির দ্বায়িত্ব পালনকালে সুপ্রিমকোর্টে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। বিচারকসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।