পাবনা থেকে অপহৃত কলেজ ছাত্রকে আট ঘণ্টা পর সিরাজঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ ও অপহরণকারীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধসহ চার অপহরণকারীকে আটক করেছে।
উদ্ধার হওয়া আসাদুল আলম (২২) পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞানের ১ম বর্ষের ছাত্র।
আটককৃতরা হলেন- নজরুল ইসলাম (২৯), ফরিদুল ইসলাম (৩৫), রেজাউল (৩২) ও শফিকুল মন্ডল (৩৫)।
উদ্ধার হওয়া কলেজ ছাত্র আসাদুল জানান, বিদেশে লোক পাঠানোর বিষয়ে চাকুরী প্রার্থীদের ট্রেনিং করানোর কথা বলে অপহরণকারীরা তাকে মোবাইলে উল্লাপাড়ায় আসতে বলেছিল। সে মোতাবেক শনিবার দুপুরে বাসযোগে সে উল্লাপাড়ায় আসেন। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, অপহরণ করার পর আসাদুলকে একটি বাড়িতে আটকে রাখে অপহরণকারীরা। রাতে অটোরিকশায় তাকে সিরাজগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকা অবস্থান নেয়। এক পর্যায়ে অপহরণকারীরা সেখানে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় একজন পালিয়ে গেলেও পুলিশ আসাদুল উদ্ধার ও চার অপহরণকারীকে আটক করে।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুইটি তাজা গুলি, একটা চাকু, ছয়টা হাতবোমা ও একটা হ্যান্ডকাপ উদ্ধার করেছে।