ব্রাজিলের গম নিয়ে রিট আবেদনের আদেশ ৮ জুলাই

 
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি নিয়ে রিট আবেদনের আদেশ ৮ জুলাই দেয়া হবে। রবিবার  বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়।
 
এর আগে সকালে খাদ্য অধিদফতরের মহাপরিচালক ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে একটি কমপ্লায়েন্ট প্রতিবেদন আদালতে দাখিল করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস তা আদালতে উপস্থাপন করেন।
 
শুনানিতে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক বলছেন এই গম খাওয়ার উপযোগী। অথচ যেসব পরীক্ষাগারের প্রতিবেদন এতে সংযুক্ত করা হয়েছে তাতে কোথাও এই গম খাওয়ার উপযোগী বলা হয়নি।
 
শুনানি শেষে আদালত এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।
 
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে এর আগে জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী পাভেল মিয়া। এসময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনও আবেদনের সঙ্গে যুক্ত করা হয়। এতে ঐ গম মানুষের খাবার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে পরীক্ষা করাতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়।
 
গত ৩০ জুলাই ব্রাজিল থেকে আমদানিকৃত গম খাওয়ার উপযোগী কি না, তা জানতে চায় হাইকোর্ট। এছাড়া খাদ্য অধিদফরের মহাপরিচালককে এই বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।