১১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে। রবিবার বিকাল সোয়া তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে ভোর সাগে চারটার দিকে হবিগঞ্জের রশিদপুরে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হলে রেল যোগযোগ বন্ধ হয়ে যায়।
রশিদপুর স্টেশন মাস্টার মো. ইয়াছির আরাফাত জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ৯৫২ ডাউন তেলবাহী ট্যাংকারটি ভোর চারটা ২৫ মিনিটে স্টেশনের হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার ফলে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে, চট্টগ্রামগামী পাহাড়িকা মৌলভীবাজারের কুলাউড়া ও ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়ে। এছাড়া সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ও সিলেট-আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ড্যামুর যাত্রা বাতিল করা হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্যাংকার উদ্ধার করলে বিকেল সোয়া তিনটায় শায়েস্তাগঞ্জ থেকে পারাবত ট্রেনটি প্রথমে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।