চাঁপাইনবাবগঞ্জে রেল লাইন সম্প্রসারণ কাজ শুরু হচ্ছে

 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ কাজ শুরু হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান।
 
পত্র প্রাপ্তির পর এব্যাপারে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২য় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের সাথে দেশের সরাসরি রেলপথ স্থাপিত হবে এবং স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত পণ্য স্বল্প খরচে দেশের অভ্যন্তরে পৌছানো সম্ভব হবে।
 
প্রসঙ্গত, গত ১৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এলে শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীসহ জেলার অন্য দুই এমপি  সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবী করেন। প্রেক্ষিতে ওইদিন বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়কে পত্র দেয়া হয়েছে।