টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারী নিহত

টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়কে পিকাপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। রবিবার দুপুরে জেলার ঘাটাইল উপজেলাধীন ওই সড়কের সিঙ্গুরিয়া নামক স্থানে এ হতাতের ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৪৮) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুরপাড়ার বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে ওই সড়কের সিঙ্গুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকাপ ভ্যানের সঙ্গে ভূঞাপুর থেকে ছেড়ে যাওয়া অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা চালকসহ ছয়জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা বেগম নামের ওই স্বাস্থ্য সহকারী মারা যান।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।