কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে গরুর বাথানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা ৪টি গরু ও ৭টি ছাগল লুট করে নিয়ে গেছে। এ সময় গুলিতে একজন আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে—শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার বৈরাগীরচর সংলগ্ন পদ্মা নদীর চরে রহিমপুর গ্রামের চাঁদ আলী ও হাফিজুর রহমানের গরু-মোষ ও ছাগলের বাথানে সন্ত্রাসীরা হামলা চালায়। এবং ৪টি গরু এবং ৭ ছাগল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেবার চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। এতে বাথান মালিক চাঁদ আলীর ছেলে শিপন (৩০) গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।