ফেসবুকে কার্টুন: সাংবাদিকসহ গ্রেফতার ২

 
 
 
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফেসবুকে প্রধান মন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাটুর্ন প্রকাশের অভিযোগে শনিবার দিনগত মধ্যরাতে পুলিশ আবুল হোসেন (৩৮) ও মাসুদ রানা ওরফে মিঠু (২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছে।
 
এর মধ্যে আবুল হোসেন গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক ভোরের পাতা পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রবিবার থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে।
 
থানায় দায়ের অভিযোগে থেকে জানা গেছে—আবুল হোসেন ও মাসুদ রানার ফেসবুক অ্যাকাউন্টে শনিবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কার্টুন প্রকাশ হয়। এর মাধ্যমে তারা সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।
 
কার্টুনটি প্রকাশের পর ওই দিন রাত ২টার দিকে পুলিশ উত্তর দৌলতদিয়া ফেলু মোল্যারপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে সাংবাদিক আবুল হোসেন মোল্যা এবং দৌলতদিয়া বাজার এলাকার মনির হোসেনের ছেলে মাসুদ রানা ওরফে মিঠুকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃত আবুল হোসেন বলেন, ‘‘কার্টুনটি ‘দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। আইডিটি মাসুদ রানা ওরফে মিঠু পরিচালনা করে বলে জানি। সেটি আমার অ্যাকাউন্টসহ মোট ১৬ জনকে ট্যাগ করে দেয়া হয়। এটি পোস্ট করার ব্যাপারে আমার কোনো হাত নেই। এমনকি দুই দিন আমার ফেসবুক অ্যাকাউন্ট চালু না করায় কার্টুনটি আমি দেখতে কিংবা মুছে ফেলতে পারিনি।’’
 
রবিবার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিকরা এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কার্টুনটি প্রকাশের ব্যাপারে নিন্দা জানিয়ে গ্রেপ্তার সাংবাদিক আবুল হোসেন জড়িত নয় বলে দাবি করা হয়। একই সাথে সাংবাদিকরা বৈঠক থেকে উদ্বেগ প্রকাশ করে রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবিরের কাছে তার নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত-সাপেক্ষে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানানো হয়।
 

গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ বলেন, ‘এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে আবুল হোসেন, মাসুদ রানা, ফজলে রাব্বাী ওরফে ফজলুসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে থানায় তথ্যপ্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী/২০১৩)-এর ৫৭(২) ধারায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরেই রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।