বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার জেলার সদর উপজেলার মাধবদিয়ায় নবনির্মিত বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এ ইউনিয়নে ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪.৭৮ কিলোমিটার বিদ্যুতায়নের এ নতুন লাইন নির্মাণ করে। খবর বাসসের। খবর বাসসের।
এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন সাড়ে তিন হাজার মেগাওয়াট থেকে নয় হাজার মেগাওয়াটে উন্নীত করা ছিল বর্তমান সরকারের জন্য এক চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করেছে।
তিনি বলেন, ‘‘এখন দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় উপাদান হচ্ছে বিদ্যুৎ। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশের বিদ্যুৎ ব্যবস্থার দৈন্যদশা ছিল।’
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে বর্তমানে দেশ বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।’’ এ সময় মন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সংশ্লিষ্ট সকলকে সংযমী হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিন মন্ডল।