কোচ জর্জ সাম্পাওলি জানিয়েছেন চিলির এ জয় যোগ্যতার নিরিখেই পাওয়া। তবে তার মতে নির্ধারিত সময়েই তাদের এ জয়টি পাওয়া উচিত ছিল।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে টাই-ব্রেকারে ৪-১ গোলে হারিয়ে নিজেদের অনন্য গৌরবগাঁথা লিখেছে চিলির সোনালী প্রজন্ম। ১৩০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বড় কোন শিরোপা জিতল লা রোজারা। পাশাপাশি আকাশী-নীল জার্সিধারী মেসি-ম্যাশেরানোদের শিরোপা স্বপ্ন আরো একবার শেষ হল অশ্রুসিক্ত নয়নে।
চিলির আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি জানান ফাইনালে যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনাকে হারিয়েছে তারা। সাম্পাওলি বলেন, 'আমাদের ৯০ মিনিটেই জেতা উচিত ছিল। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে আমারা জেতায় ব্যাপারটা ন্যায্য হয়েছে।'
আর্জেন্টাইন সাম্পাওলি ২০১২ সালের ডিসেম্বরে যখন কোচ হিসেবে দায়িত্ব নেন সেসময় অনেকটা অগোছালো ছিল চিলি দল। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শেষ ষোলতে খেললেও ফুটবল পরাশক্তিগুলো লাতিন দলটিকে দেখত নড়বড়ে দল হিসেবেই।
এর আগে তো টানা দুটি বিশ্বকাপের বাছাইপর্বই পেরোতে পারেনি তারা। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই সাম্পওলির ছোঁয়ায় বদলে যেতে থাকে চিলি। ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে টাই-ব্রেকারে হেরে বিদায় নেয় তার দল।
এরপর নিজেদের দেশে আয়োজিত কোপা আমেরিকাকেই যেন চোখ করছিল সানচেজ-ভিদালরা। চিলির কোচ বলেন, 'প্রথম খেলা থেকেই চিলি কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে খেলেছে।' কোপা আমেরিকা জয়কে তিনি দেখছেন যোগ্য নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার ফসল হিসেবে। ৫৫ বছর বয়সী সাম্পাওলি জানান, 'যোগ্য নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি এবং তাদেরকে হারিয়ে কোপা আমেরিকা জয় করেছি।'
নিজেদের ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাফল্য। প্রথমবারের মতো কোপা আমেরিকা জয়ের পর চিলিয়ানরা এখন স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন বিশ্বকাপ জয়ের। কিন্তু কোনো তাড়াহুড়া নয়। চিলিকে নিয়ে ধীরে সুস্থে এগুতে চান সাম্পাওলি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সামনে রেখে সাম্পওলি বলেন, 'লোকজন এখন স্বপ্ন দেখা শুরু করেছে। আমরা আজকে মহান কীর্তি গড়েছি। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করাই আমাদের পরবর্তী লক্ষ্য হবে।'- এএফপি