রাজশাহী কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কারা কর্তৃপক্ষের দাবি মোহম্মাদ জনি (২১) নামের ওই হাজতি গতকাল রবিবার কারাগারের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৭ জুন রাজপাড়া থানায় দায়েরকৃত একটি চুরির মামলার আসামি জনিকে গত শনিবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

কারাগারের জেলার শাহাদাত হোসেন বলেন, জনি একটি জাম্বুরার গাছের ডালে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।’

 

জেলারের দাবি ‘পারিবারিক কলহের জের ধরে জনি কারাগারের অভ্যন্তরে আত্মহত্যা করেছেন। তার পকেটে তালাকনামার কাগজ উদ্ধার করা হয়েছে। যেটি তার স্ত্রী তাকে দিয়েছে। স্ত্রী কাছ থেকে তালাক পাওয়ার কারণেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন।