ঝিনাইদহে পৃথক হাতবোমা বিস্ফোরণে নারীসহ তিনজন আত হয়েছেন। রবিবার রাতে ও সোমবার সকালে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-খোরশেদ আলম, আমির হোসেন ও চায়না বেগম।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার গান্না গ্রামে সাধন কুমারের বাড়িতে মাটি কাটার সময় বোমা বিস্ফোরণে খোরশেদ ও আমির আহত হন।
ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, গান্না গ্রামের সাধন কুমারের বাড়ির টয়লেটের সামনে কে বা কারা দুটি হাত বোমা পুতে রেখেছিল। সকালে ঘর তৈরির জন্য শ্রমিক দুইজন গর্ত খুঁড়ছিলেন। এসময় কোদালের কোপে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে তারা আহত হন। তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান, রবিবার রাতে কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় চায়না বেগম নামে এক নারী আহত হয়েছেন।
তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে ঘরের বারান্দায় বসে ছিলেন চায়না। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বোমা ছুঁড়লে তিনি আহত হন। চায়নাকে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।