সালথায় সংঘর্ষে নারীসহ আহত ১০

 
পূর্ব বিরোধের জের ধরে ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১৬টি বসতঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানিয়েছেন, সোনাপুর ইউপি চেয়ারম্যান জাফর মোল্যার সাথে উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে গতকাল বিকালে জাফরের পক্ষের মিল্টন শিকদারকে বাবুর পক্ষের লোজকন মারধর করে। এনিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিল্টন শিকদার ও রোকমান শেখ ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।  
   
সংঘর্ষ চলাকালে ১৬টি বসতঘরে ভাঙচুর ও ঘরে থাকা নগতদ টাকাসহ মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
 
সালথা থানা’র অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছে বলে আমি জানতে পেয়েছি। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।