নাইজেরিয়ার পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের


নাইজেরিয়ায় একের পর এক সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকার অঙ্গীকার এবং ভয়াবহ এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানিয়েছে।

সন্ত্রাসী এসব হামলার জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করা হয়েছে।

ইসলামপন্থী জঙ্গিরা বিগত কয়েক দিন ধরে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের মসজিদ, গ্রাম ও বাজারে একের পর এক হামলা শুরু করেছে। এতে ২শ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।

রবিবার দেশটির গোলযোগপূর্ণ উত্তরপূর্বাঞ্চলীয় নগরী পোতিসকুমে এক আত্মঘাতী হামলাকারী একটি চার্চে ঢুকে শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে ৫ জন নিহত হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বোকো হারামের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’

বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা আগের হামলাগুলোর মতোই এই হামলায় জড়িতদের খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে নাইজেরিয়ার প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাব।’

তিনি আরো জানান, ওয়াশিংটন সন্ত্রাসবাদ মোকাবিলায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে নাইজেরিয়ার সরকারকে সহায়তা দিচ্ছে।
মার্কিন এই মুখপাত্র আরো বলেন, ‘সহিংস চরমপন্থা মোকাবিলায় এই সংগ্রামে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার জনগণের পাশে থাকবে।’

-বাসস