অস্ট্রেলিয়ায় বিচারককে ২২ লাখ ডলার ঘুষে সাজা কমলো মাফিয়ার

অস্ট্রেলিয়ায় ২২ লাখ ডলার ঘুষ নিয়ে মাফিয়া নেতার সাজা কমিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দেশটির এক বিচারকের বিরুদ্ধে। দেশটির শীর্ষ গোয়েন্দা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলসের ঐ বিচারকের বিরুদ্ধে ঘুষ নেয়ার প্রমাণ মিলেছে। খবর সিডনি মর্নিং হেলাল্ড’র।

 

ঐ মাফিয়া চক্র কিভাবে সিন্ডিকেট করে কিছু খাবারের দাম বাড়িয়েছে তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সিডনিতে নির্দিষ্ট কিছু সামুদ্রিক খাবারের দাম নিয়ন্ত্রণ করতেন ঐ মাফিয়া চক্র। তাদের একচেটিয়া ব্যবসার কারণে ঐসব খাবারের দাম নিয়ন্ত্রণের বাইরেই চলে গিয়েছিলো। প্রতিবেদনে জানানো হয়, এই অবৈধ ব্যবসার আড়ালে মাফিয়া চক্র অস্ট্রেলিয়ায় তাদের প্রভাব বাড়াতে থাকে এবং তাদের উদ্দেশ্য ছিলো অস্থিরতা তৈরি করা। ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে এই ধরনের অনেকগুলো বিষয়ের ওপর অনুসন্ধান চালিয়েছে গোয়েন্দা বিভাগ। ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সালে গ্রিফিথ পুলিশের সাথে এবং আদালতের সাথে সম্পর্ক রাখা এক ব্যক্তির মাধ্যমে বড় অঙ্কের ঘুষ লেনদেনের বিষয়টি জানা যায়। সিডনি ভিত্তিক মাফিয়া চক্র ইটালিয়ান অরগানাইজড ক্রাইমের এক শীর্ষ নেতার শাস্তি কমানোর জন্য বিভিন্নভাবে ২২ লাখ ডলার ঘুষ দেন ঐ বিচারককে। তবে ঘটনা প্রকাশের পর থেকে ঐ বিচারককে অব্যাহতি দেয়া হয়েছে।