ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে ছুরিকাঘাত করে ছিনতাই, ১ জন আটক

সোমবার রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা এক রোগীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় পারভেজ (১৮) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও ধারালো একটি ছুরিও উদ্ধার করা হয়।

জানা গেছে, শামছুল (৩০) নামের এক রোগী গত ২ জুলাই আঘাতজনিত সমস্যা নিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। গতকাল সোমবার রাত ১১ টার দিকে দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে নিকট আত্মীয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় ছুরি হাতে এক ছিনতাইকারী আকস্মিকভাবে তার বাম উরুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পালিয়ে যাওয়ার সময় এ্যাম্বুলেন্স চালক জাফর জীবনবাঁজি রেখে ঐ ছিনতাইকারীকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীকে গণপিটুনিও দেয়। ছুরিকাঘাতে আহত শামছুল হকের উরুতে দুইটি সেলাই দেয়া হয়েছে।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, ছিনতাইকারী পারভেজকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী ময়মনসিংহ শহরের কালিবাড়ি এলকার জিল্লুর রহমানরে পুত্র।
উল্লেখ্য, রবিবার রাতেও স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় তলার সিঁড়ি থেকে এক তরুণীকে ছুরির ভয় দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।