যানজটের গতকালের চিত্র ছিল ভয়াবহ

রমজানের অন্যান্য দিনের রাজধানীর যানজটের চিত্রের চেয়ে গতকালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। রাজপথ, গলিপথ কোথাও একটু গতিতে গাড়ি চলাচলের অবস্থা ছিল না। এ বছরের মধ্যে গতকালই ছিল সবচেয়ে বেশি যানজট। নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজটের চিত্রটি এমনই ভয়াবহ ছিল যে গতকাল ইফতারের সময় রাজধানীর বেশিরভাগ রাজপথে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। ইফতারের আগে ঘরে ফিরতে না পেরে গাড়িতেই ইফতার করতে হয়েছে।

 
এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের সময় যত ঘনিয়ে আসতে থাকবে যানজট আরো প্রকট আকার ধারণ করবে। কারণ ঈদে শুধু নগরবাসীই নয় দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ কেনাকাটার জন্য ঢাকায় আসেন। এছাড়া মানুষ কেনাকাটায় ব্যস্ত থাকেন বলে ঈদের ১০/১২ দিন আগে থেকে যানজট ভয়াবহ থাকে।
 

মতিঝিল বা গুলিস্তান থেকে মিরপুরগামী অথবা উত্তরাগামী মানুষদের যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তায় গাড়িতে বসে থাকতে হয়েছে। গতকাল বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট ছিল। বিকাল ৪টায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। রাস্তায় গাড়ির চাকা যেন ঘুরে না। মতিঝিল থেকে হাইকোর্ট মোড় হয়ে শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, বিজয়সরণি, মহাখালী, বনানী কাকলি ক্রসিং, জোয়ারসাহারা, খিলক্ষেত দীর্ঘ ১৪ কিলোমিটার রাস্তার দুই পাশের গাড়ি যেন এগুতে চায় না।