সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি ডাকাত দলের প্রধান বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 
 
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখারুল হাসান জানান, সোমবার রাত ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
 
‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
ওসি বলেন, একদল ডাকাত বাঁশবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযানে যায় পুলিশ।
 
তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার নাজিম গুলিবিদ্ধ হয়। কিন্তু  অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
 
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে নাজিমের মৃত্যু হয়।