আদালত অবমাননা: ডা. জাফরুল্লাহ’র বিষয়ে আদেশ রবিবার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য তিন মুক্তিযোদ্ধাসহ পাঁচজনের আবেদনের শুনানি শেষ হয়েছে। 
 
আগামী রবিবার এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 
 
ট্রাইব্যুনাল-২ এর তিন বিচারককে ‘মানসিক অসুস্থ’ বলাসহ ঔদ্ধত্যপূর্ণ নানা কটূক্তি করায় সোমবার এই আবেদন জানান- স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন। তাদের পক্ষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আবেদনটি দাখিল করেন তাদের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ।
 
মঙ্গলবার এই আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল।   
 
শুনানি শেষে এ অভিযোগ আনার বিষয়ে আগামী রবিবার আদেশের দিন ধার্য করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।