তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মিথ্যাচারকে শিল্পে পরিণত করেছেন খালেদা জিয়া। তিনি যত মিথ্যাচারই করুন না কেন আগুনে পুড়িয়ে মানুষ হত্যার দায় এড়াতে পারবেন না। আইনের আদালত ও জনতার আদালতে তার বিচার হবেই।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন, ‘৫ জানুয়ারির দুইদিন আগে থেকে দেশের জনগণের বিরুদ্ধে তিনি আগুন যুদ্ধের সূচনা করেন। আগুন যুদ্ধে ১৫৩ জন নিরপরাধ শিশু-নারী ও পুরুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এক হাজার যানবাহনে অগ্নিসংযোগ, তিন হাজার যানবাহন ভাংচুর করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অনেক ঘটনায় ঘটনাস্থলে জনতা ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের হাতে আগুন সন্ত্রাসীরা ধরা পড়েছে। তাদের রাজনৈতিক ও দলীয় পরিচয় প্রকাশিত হয়েছে। আগুন সন্ত্রাসের ৩৮৮টি ঘটনা পুলিশ রেকর্ড করেছে। এসব ঘটনায় হাতেনাতে ধরা পড়া ৫৭৯ জনের মধ্যে ৩৬৫ জন বিএনপির এবং ২০৫ জন জামাত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। ধরা পড়া লোকজন ফৌজদারি ১৬১ বা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।’