রাজাপুরে বাস খাদে পড়ে আহত ২৫

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার সকালে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের মিলবাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস রাজাপুরের মিলবাড়ি এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি খাদে পড়ে গেলে চালকসহ ২৫ যাত্রী আহত হয়। আহতদের ভান্ডারিয়া, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
বাসের যাত্রীদের অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
 
রাজাপুর থানার ওসি শেখ মুনীর-উল গিয়াস জানিয়েছেন, বাসটি খাদ থেকে উপরে ওঠানোর চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।