খালেদা জিয়া প্রতিনিয়ত গিবত করছেন: নাসিম


আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতিনিয়ত ইফতারের আগে গিবত করছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, অহেতুক সমালোচনায় মাঠ গরম করবেন না। সমালোচনা আমাদের রাজনৈতিক কালচারে দাঁড়িয়ে গেছে। এটা আমরা সহ্য করছি। কিন্তু অহেতুক সমালোচনার নামে মাঠ গরম করা চলবে না। এটা আর সহ্য করা হবে না।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, ন্যাপ নেতা ইনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।