ডিএসই জানিয়েছে—শেয়ারের দাম অস্বভাবিকভাবে বাড়ার পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ও এসিআই লিমিটেড। দর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে—গত এক মাস ধরে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের দর বাড়ছে। গত ৭ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ৩১ দশমিক ৫০ টাকা। গত ৬ জুলাই কোম্পানির শেয়ারদর ৫০ দশমিক ৮০ টাকায় গিয়ে দাঁড়ায়। অর্থাত্, এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৩০ টাকা। দর বাড়ার হার ৬১ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে গত ৪ দিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে প্রায় ১৫ টাকা।
আর গত ৭ কার্যদিবসে মাত্র ১ দিন এসিআইয়ের শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৪৮৩ টাকা থেকে বেড়ে ৫৯১ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়। অর্থাত্, শেয়ারটির দর বেড়েছে প্রায় ১০৮ টাকা ৭০ পয়সা বা ২২ দশমিক ৫১ শতাংশ।