লন্ডনের মেট্রো স্টেশনে সন্ত্রাসবাদী হামলার ১০ বছর পূর্ণ হয়েছে আজ। ২০০৫ সালে এই দিনে মধ্য লন্ডনে তিনটি আন্ডারগ্রাউন্ড স্টেশন ও একটি বাসে আত্মঘাতী সিরিজ হামলায় ৫২ জন নিহত হন।
হামলার ১০ বছর পূর্তির প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি যে এখনো বাস্তব তা তিউনিসিয়ায় ৩০ জন ব্রিটিশ পর্যটক নিহত হওয়ার ঘটনা নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয়।
লন্ডন হামলার কথা স্মরণ করে তিনি বলেন, সন্ত্রাসবাদের ভয়ে ভীত নয় তাদের দেশ। ২০০৫ সালে ৭ জুলাই লন্ডনের তিনটি আন্ডারগ্রাউন্ড ট্রেন ও একটি বাসে আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হন। ঐ হামলায় সাতশ’র বেশি মানুষ আহত হন।
IMG0
লন্ডন বোমা হামলাকারী চার জঙ্গির সাথে আল-কায়েদার যোগাযোগ ছিল। নিহতদের স্মরণে সেন্ট পল ক্যাথেড্রালে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে নিহতদের পরিবারের সদস্য ও আহতরা যোগ দেবেন। এক মিনিট নীরবতা পালন করা হবে তখন।
হাইড পার্কের একটি স্মরণ সভায় প্রিন্স উইলিয়ামের যোগ দেয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি