কনসার্ট পছন্দ না হলে পয়সা ফেরত

 
ফিনল্যান্ডে দু’বছর আগে একটি কনসার্টে গানের মান নিয়ে প্রশ্ন ওঠায় দর্শকদের পয়সা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে সেদেশের ভোক্তা অধিকার বোর্ড।
 
২০১৩ সালে হেলসিঙ্কিতে রক অ্যান্ড রোল শিল্পী চাক বেরির একটি লাইভ শো ভালো লাগেনি বলে অভিযোগ দায়ের করেছিলেন এক দর্শক। তার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক এই রায় দেয়া হয়। এর ফলে, কোনো গানের অনুষ্ঠান মানসম্পন্ন হয়নি বলে দর্শক অভিযোগ তুললে, মতৈক্যের ভিত্তিতে টিকেটের পয়সা ফেরত পাবেন অভিযোগকারী।
 
২০১৩ সালে হেলসিঙ্কিতে বর্ষীয়ান মার্কিন পপ শিল্পী চাক বেরির একটি লাইভ অনুষ্ঠান নিয়ে এই বিপত্তি। সে সময় ৮৬ বছরের ঐ শিল্পী কিছুটা অসুস্থ ছিলেন এবং তার জন্য মঞ্চে তিনি দর্শকদের কাছে 'ক্ষমা' চেয়ে নিয়েছিলেন। কিন্তু একজন দর্শক 'ক্ষমা' করেননি। তিনি ভোক্তা অধিকার বোর্ডে অভিযোগ করেন, যা আশা করেছিলেন অনুষ্ঠান সে মত হয়নি। পয়সা ফেরত চান তিনি।
 
এতদিন ধরে মীমাংসার পর সেদিনের দর্শকদের টিকেটের দামের ৫০ শতাংশ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। তবে বোর্ডের চেয়ারম্যান পল স্টালবার্গ সতর্ক করে বলেছেন, মান নিয়ে কেউ অভিযোগ করলেই পয়সা ফেরত পাওয়া যাবে না।
 
পছন্দ-অপছন্দ অনেক সময় একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয়। সুতরাং কোনো কনসার্ট ব্যর্থ হয়েছে কিনা সে ব্যাপারে একটি গ্রহণযোগ্য ঐকমত্য হতে হবে। চাক বেরির কনসার্ট নিয়ে ঐকমত্য ছিল। সুত্র: বিবিসি