পুলিশের উপর হামলা: ‘মাদক সম্রাট’ গ্রেফতার

জেলার চান্দিনা উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় ইউপি মেম্বার ‘মাদক সম্রাট’ মহিউদ্দিন ওরফে ফেন্সি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার চাচাতো ভাই মামুনকে আটক করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে পুলিশ মহিউদ্দিনকে গ্রেফতার করে। এবং মাধাইয়া বাজার এলাকায় স্থানীয় লোকজন মামুনকে আটক করে পুলিশে দেয়।
 
মহিউদ্দিন ও মামুন উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা। মহিউদ্দিন মাধাইয়া ইউনিয়ন পরিষদের মেম্বার।
 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘মহিউদ্দিনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। তাকে পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়েছে।’
 
সোমবার বিকেলে সিএনজি যোগে মাধাইয়ার কাশিমপুর এলাকায় ফেন্সিডিল ও ইয়াবার চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এএসআই সাজেদুল ফোর্স নিয়ে কশিমপুর এলাকায় অভিযান শুরু করলে পুলিশকে সরে যাওয়ার হুমকি দেয় মহিউদ্দিন।
 
তার কথামত পুলিশ সদস্যরা না সরলে তিনিসহ তার বাহিনী পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ কনস্ট্রেবল তাজুল ইসলাম, সাহাব উদ্দিন ও এনামূল হক আহত হয়।
 
চান্দিনা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মহিউদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে একটি ও সরকারি কাজে বাধা দেওয়াসহ পুলিশের উপর হামলার ঘটনায় আরো একটি মামলা হয়েছে।’