নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপকের স্ত্রীকে কুপিয়ে নগদটাকা, প্রাইজবন্ডসহ গলার চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের অদূরে একটি ভাড়াবাসার পাঁচতলায় এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ সাদিয়া আফরিনকে (৩২) গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ওই ঘটনায় জড়িত অভিযোগে চাঁচকৈড় বাজারের জাহাঙ্গীর হোসেনকে (২৫) আটক করেছে। ছিনতাই হওয়া নগদ ১২ হাজার ৭৬০ টাকা, ১০০ টাকা মূল্যের ১১৫টি প্রাইজবন্ডসহ গলার চেইন উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল মজিদ বাদী হয়ে দ্রুতবিচার আইনে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত জাহাঙ্গীর ছিনতায়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, ছিনতাই করে পালানোর সময় ওই ফ্লাটবাড়ির অন্য ভাড়াটে মহিলারা জাহাঙ্গীরকে আটকের ব্যর্থ চেষ্টা করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছিনতাইয়ের মালামাল উদ্ধার করা হয়।