সাবান কিনে সোনার লকেট জেতার প্রলোভন দেখিয়ে টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রে বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করতে ইউনিলিভার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেয়।
‘এবার লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট!’ শিরোনামে ওই বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪ বি ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। আইন অনুযায়ী এ ধরনের বিজ্ঞাপন প্রচার ‘নিষেধ’ উল্লেখ করে তা বন্ধের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মতিন রবিবার এই রিট আবেদন করেন। আদালতে এ বিষয়ে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।