বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ধানের শীষযুক্ত মনোগ্রাম বদলে যাচ্ছে। এ সম্পর্কে সিদ্ধান্তের জন্য আগামীকাল নগর ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, সিটি করপোরেশনের শুরু থেকে ধানের শীষযুক্ত মনোগ্রাম ব্যবহার হয়ে আসছিল। ২০০৮ সালে শওকত হোসেন হিরন মেয়র হওয়ার পর ধানের শীষ বাদ দিয়ে নতুন মনোগ্রাম তৈরি করেন। পরে তিনি (আহসান হাবিব কামাল) ২০১৩ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর সিটি করপোরেশনের প্রথম সাধারণ সভায় সকল কাউন্সিলরের সম্মতিতে মনোগ্রামে আবার ধানের শীষ ফিরিয়ে আনেন। কিন্তু এই ধানের শীষযুক্ত মনোগ্রামের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি। তাই এটি ব্যবহার করা হচ্ছে না। আর এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় পূর্বের সিদ্ধান্ত বাতিল করতে আগামীকাল নগর ভবনের সভা আহ্বান করা হয়েছে। মেয়র আশা করেন এ নিয়ে সকল বিভ্রান্তির অবসান হবে।