খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ব্রাজিল থেকে আমদানিকৃত যেই গম নিয়ে এত কথা হচ্ছে, তা আমদানির পুরো প্রক্রিয়ার সঙ্গে তিনি (মন্ত্রী) জড়িত নন। এটি খাদ্য অধিদপ্তরের বিষয়। এছাড়া পত্রিকায় পোকাসহ যেসব গমের ছবি ছাপা হচ্ছে তা ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, এই ছবি ব্রাজিল থেকে আমদানি করা গমের নয়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) পীর ফজলুর রহমান মিসবাহ’র এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে, ব্রাজিলের গম আমদানির কাজে খাদ্য অধিদপ্তর থাকলেও এর দায় খাদ্য মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মনে করে খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদে কমিটির বৈঠকের পর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ দারা। তিনি বলেন ‘সভায় আরও আলোচ্য বিষয় থাকলেও ব্রাজিলের গমের বিষয়টা সামনে চলে আসে।