‘যৌন নিপীড়নের ঘটনায় কাউকে ধরা হয়নি। একজন সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম বা বলতে চেয়েছিলাম যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে ৫৪ ধারায় আদালতেও পাঠানো হয়েছে।’
বর্ষবরণ উত্সবে যৌন নিপীড়নের ঘটনায় কয়েকজনকে ধরার কথা জানিয়ে সংসদে দেয়া বক্তব্যের বিষয়টি ব্যাখ্যা করে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের এভাবেই বলছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আগের দিন সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েকজনকে ‘ধরে’ আইনের কাছে ‘পৌঁছে দেয়ার’ কথা বলেছিলেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পর পুলিশ জানায়, ঐ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। মন্ত্রী ও পুলিশের পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি খোলাসা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘চিহ্নিত ব্যক্তিদের ধরার বিষয়ে আমাদের আইজি সাহেব পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। কয়েকজনকে আমরা ধরেছি। তাদের আইনের কাছে পৌঁছে দিয়েছি। দুই-একজন বাকি আছে। তাদেরও ধরব।’
এর কয়েক ঘন্টাপর দুপুরে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যর বিষয়টি তার নলেজে নেই। তবে এখনও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।’