বিশ্বের অধিকাংশ দরিদ্র সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে :বিশ্ব ব্যাংক

সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও বিশ্বের দরিদ্র জনগণের অর্ধেকেরও বেশি মানুষ এখনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়েছে। গতকাল বিশ্ব ব্যাংকের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

 
এতে বলা হয়, বেশকিছু উন্নয়নশীল দেশ শত কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ করছে। এরপরও বিশ্বের প্রায় ৫৫ শতাংশ বা ৭৭৩ মিলিয়ন গরীব মানুষ এখনো এ নিরাপত্তা বেষ্টনীর আওতার বাইরে রয়ে গেছে। রিপোর্টে বলা হয়, নিম্নআয়ের দেশগুলোকে এ ব্যবধান কমিয়ে আনতে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। গতকাল ওয়াশিংটনে প্রকাশিত বিশ্ব ব্যাংকের এই রিপোর্টে বলা হয়, ১৩৬টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের ১ দশমিক ৯ বিলিয়ন মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল পাচ্ছে। গত ৩ বছরে আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি দ্বিগুণ করেছে। এতে প্রমাণিত হয়েছে এ কর্মসূচি সুফল বয়ে এনেছে।
 

রিপোর্টে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী উদ্যোগের ওপর সংক্ষিপ্ত মন্তব্যে বলা হয়, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক উন্নয়নে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।