পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।’ বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘‘পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ প্রণয়ন করা হয়েছে ।’’
 
তিনি বলেন, ‘‘এই আইন ২০১২ সালের ২০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ওই আইনে নির্ধারিত ছয়টি পণ্য ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কীকরণের পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।’’
 
শেখ হাসিনা বলেন, ‘এই আইন প্রয়োগ ও প্রচারণার অংশ হিসেবে পোস্টার, লিফলেট, ব্যানার সমগ্র দেশে মিলার ও ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে ২৫টি জাতীয় পত্রিকায় ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।’

খবর বাসসের।