গ্রিসের ব্যাংক বন্ধের সময়সীমা বাড়ল

 
গ্রিসের ব্যাংক বন্ধ রাখার সময়সীমা সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ ৬০ ইউরো তোলার সীমাও বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
বুধবার রাতে এক বিবৃতিতে গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতস নতুন এই সিদ্ধান্তে কথা জানিয়েছেন।
 
৩০ জুন পূর্ববর্তী বেইল আউটের মেয়াদ শেষ হওয়ার পর নতুন বেইল আউটের বিষয়ে দাতাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি গ্রিসের। দাতাদের নতুন বেইল আউট প্রস্তাবে কঠোর ব্যয় সংকোচনের শর্ত থাকায় তা গ্রহণ করেনি দেশটির বামপন্থী সরকার। গণভোটে দেশটির জনগণও সরকারের সিদ্ধান্তে সমর্থন জানায়।
 
ঋণ সংকটের সমাধান না হওয়া পর্যন্ত গ্রিসের ব্যাংকগুলোকে নতুন কোনো সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। এই সিদ্ধান্তে গ্রিসের ব্যাংকগুলোতে তারল্য সঙ্কট দেখা দেয়। পরিস্থিতি সামলাতে ২৯ জুন থেকে সমায়িকভাবে ব্যাংক বন্ধ রাখা ও এটিএম থেকে টাকা তোলার সীমা নির্দিষ্ট করে দেয় সরকার।
 
বুধবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তার আগের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানানোর পর গ্রিস সরকার ব্যাংক বন্ধ রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
 
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে গ্রিসের প্রায় আড়াই হাজার কোটি ডলারের ঋণ রয়েছে। তবে এর ত্রিশ হাজার কোটি ডলার ঋণের অধিকাংশই ইউরোজোন দেশগুলোর কাছ থেকে নেয়া।
 
ঋণ সংকট সমাধানে ইউরোজোনের প্রস্তাব ‘না’ ভোটে বর্জনের পর গ্রিসকে নতুন একটি প্রস্তাব দেবার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন।
 
গ্রিক প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস জানিয়েছেন, ইউরোজোনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যই তারা একটি গ্রহণযোগ্য প্রস্তাব উপস্থাপন করবেন। গ্রিক ঋণ সংকটের ওপর ইউরোপীয় পার্লামেন্টে এক বিতর্ক চলাকালে একথা বলেন সিপ্রাস।
 
দেউলিয়াত্ব ঠেকাতে তৃতীয়বারের মতো একটি উদ্ধার প্যাকেজের জন্য চেষ্টা চালাচ্ছে গ্রিস। সূত্র: বিবিসি।