আরও বৃষ্টি হতে পারে, ৩ নম্বর সতর্কতা

দেশের দক্ষিণাংশ ও উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত আরও ২/৩ দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। 
 
এদিকে, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বঙ্গোপসাগর ও এর আশেপাশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর (০৩) স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
আবহাওয়া অধিদফতার আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।
 
রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলোকে দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার সক‍াল ৭টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে। সেখানে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর একই সময়ে ঢাকায় এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৬ মিলিমিটার।
 
এছাড়া ফেনীতে ১৫২ মিলিমিটার, বরিশালে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।