জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত

 
আগামী বছরের জানুয়ারিতে পাঁচটি ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হাজারো ভক্ত সমর্থকদের সামনে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপের সেই সাফল্যকে ধরে রাখার লক্ষ্য নিয়েই তারা এই সিরিজ আয়োজন করতে যাচ্ছে।
 
এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার মাইক ম্যাককেনা বলেছেন, বিশ্বকাপের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই। বিশ্বকাপের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি এখানকার স্থানীয় ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, আফগান, শ্রীলংকান সমর্থকদের কাছে ক্রিকেট কতটা প্রিয়। অস্ট্রেলিয়ান জীবনধারার সাথে মানিয়ে নেবার পরেও তারা নিজ দেশকে অকুণ্ঠ সমর্থন যুগিয়ে গেছে। ভারত ও অস্ট্রেলিয়া যখন সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ৩০০ মিলিয়নেরও বেশি দর্শক ভারতে স্টার টেলিভিশনে ম্যাচটি উপভোগ করেছে। সেই ধারায় আমরা আবারো ভারতের মুখোমুখি হতে চাই।
 
সিরিজটি শেষ পর্যন্ত আয়োজিত হলে টানা দ্বিতীয় বছরের মতো অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ২০১৪-১৫ মৌসুমে চারটি টেস্ট ছাড়াও ইংল্যান্ডকে সহ একটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।
 
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ১২ জানুয়ারি পাথের ডব্লিউএসিএ মাঠে অনুষ্ঠিত হবে। এরপরের ম্যাচগুলো যথাক্রমে ব্রিসবেন, মেলবোর্ন, ক্যানবেরা এবং সিডনিতে অনুষ্ঠিত হবে। সিরিজের তিনটি টি২০ ম্যাচ এডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে।
 
ভারতের অস্ট্রেলিয়া সফরসূচি :
প্রথম ওয়ানডে : ১২ জানুয়ারি, ডব্লিউএসিএ
দ্বিতীয় ওয়ানডে : ১৫ জানুয়ারি, গাব্বা
তৃতীয় ওয়ানডে : ১৭ জানুয়ারি, এমসিজি
চতুর্থ ওয়ানডে : ২০ জানুয়ারি, মানুকা ওভাল
পঞ্চম ওয়ানডে : ২৩ জানুয়ারি, এসসিজি
 
টি২০ সূচি :
প্রথম টি২০ : ২৬ জানুয়ারি, এডিলেড ওভাল
দ্বিতীয় টি২০ : ২৯ জানুয়ারি, এমসিজি
তৃতীয় টি২০ : ৩১ জানুয়ারি, এসসিজি
খবর বাসসের।