নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের লিফলেট ও সিডি বিতরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- সূর্যসেন হলের নূরে আলম মো. সিহাব উদ্দিন (এমবিএ, ম্যানেজমেন্ট), বিজয় একাত্তর হলের মো. সাইদি হাসান সজিব (এমবিএ, ম্যানেজমেন্ট), তারিকুল ইসলাম (এমবিএ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), নকিব ফারহান (বিবিএ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস) এবং মো. আলমগীর হোসেন (বিবিএ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস)।
জানা গেছে, লিফলেট বিতরণের দৃশ্যটি ভবনের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে। একজন ছাত্র কর্তৃক এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থীও। এ জন্য প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।