মুক্তিযোদ্ধার আত্মহত্যা: সচিবের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ

 
রাজধানীতে এক মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনায় অভিযোগ ওঠা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান।
 
আ ক ম মোজাম্মেল হক জানান, তথ্য সংগ্রহের জন্য মন্ত্রণালরে একজন যুগ্ম-সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
 
এর আগে গত মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে হোটেল কর্ণফুলীর একটি কক্ষ থেকে মুক্তিযোদ্ধা আইয়ুব খানের লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে চারপৃষ্ঠার একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেয়ায়’ তিনি আত্মহত্যা করেছেন বলে লেখা পাওয়া যায়।