কনফেডারেট ফ্ল্যাগ সরাতে প্রতিনিধি পরিষদে বিল পাস

 
 
রাজধানী থেকে কনফেডারেট ফ্ল্যাগ সরিয়ে ফেলার জন্য একটি বিল পাস করেছে সাউথ ক্যারোলাইনার প্রতিনিধি পরিষদ। ৯৩-২৭ ভোটে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হয়। এর আগে সিনেটে বিলটি পাস হয়। এখন গভর্নরের স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে । রিপাবলিকান গভর্নর নিকি হ্যালি কনফেডারেট ফ্ল্যাগ সরানোর ব্যাপারে খুবই আন্তরিক। খবর বিবিসির।
 
সিনেটে বিলটি পাসের পর এর প্রতিবাদে সোমবার  কলম্বিয়ার স্টেট হাউসের সামনে বিক্ষোভ করে ফ্ল্যাগের সমর্থকরা। আমেরিকান সিভিল ওয়ারের সময় দাস প্রথার পক্ষের ‘সাউথ’ বাহিনীর পতাকা ছিল ‘কনফেডারেট ফ্ল্যাগ’। গত মাসে চার্লসটনে কৃষ্ণাঙ্গদের একটি চার্চে হামলা করে ৯ জনকে হত্যা করে এক তরুণ। তার শরীরে জড়ানো ছিল কনফেডারেট ফ্ল্যাগ। এরপরই এই ফ্ল্যাগটি সরানোর ব্যাপারে আলোচনা শুরু হয়।
 
অনেকের মতে—ফ্ল্যাগটি বর্ণবাদ ও দাসপ্রথার প্রতিনিধিত্ব করে। তবে এর পক্ষে যারা, তাদের বক্তব্য এটি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।