ব্যপম কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি মধ্যপ্রদেশের রাজ্যপালকে কেন সরানো হবে না কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারের কাছে তা জানতে চেয়ে রুল জারি করেছে দেশটির শীর্ষ আদালত। একই সঙ্গে মধ্যপ্রদেশ হাইকোর্টের সমালোচনাও করেছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার ব্যপম নিয়ে সিবিআই তদন্ত হবে কি না, তা নিয়ে শুনানি শেষে এই রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে আগে ফের এক সাক্ষীর নিখোঁজ হওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সুশীল সিংহ নামের মধ্যপ্রদেশ পুলিশের ওই কনস্টেবল নিহত হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। আর সুশীলের ‘মৃত্যু’ ফের অস্বস্তিতে ফেলেছে শিবরাজ সিংহ তথা মধ্যপ্রদেশ সরকারকে।
ব্যপমের মাধ্যমে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত তদন্তের অন্যতম মূল সাক্ষী ছিলেন এই সুশীল। এমনকি তিনি রাজ্যপাল রাম নরেশ যাদবের প্রাক্তন সচিব ধনরাজ যাদবেরও ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। প্রায় দুই মাস ধরে তার কোন খোঁজ নেই। কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের দাবি, বেশ কয়েকদিন আগেই মারা গেছেন সুশীল।
এদিকে, ব্যপম অভিযোগের তীর অন্যদিকে ঘোরাতে মরিয়া শিবরাজ বৃহস্পতিবার দেখা করেন মৃত সাংবাদিক অক্ষয় সিংহের পরিবারের সঙ্গে। এসময় অক্ষয়ের মৃত্যুর সঠিক তদন্তের আশ্বাসের পাশাপাশি তার পরিবারের একজনকে চাকরির আশ্বাসও দেন শিবরাজ।
ভারতের মধ্যপ্রদেশে সরকারি চাকরি ও মেডিকেল কলেজে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির ঘটনায় যতদিন যাচ্ছে ততই নতুন মাত্রা যোগ হচ্ছে। এ কেলেঙ্কারিতে জড়িয়ে বহু লোকের গ্রেফতার, শীর্ষ রাজনীতিক ও আমলাদের সংশ্লিষ্টতাসহ নিয়োগ পরীক্ষার দুর্নীতিতে অভিযুক্ত, সুবিধাভোগী ও সাক্ষীদের একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বেঁধে উঠেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা