ঋণ সংকট সমাধানে ইউরোজোনের বেধে দেয়া বৃহস্পতিবারের ডেডলাইনের শেষ সময়ে বৈঠক করছেন গ্রিসের মন্ত্রিসভার সদস্যরা। ঋণদাতাদের তৃতীয় বেইলআউটের অর্থ পেতে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১০ টার মধ্যে নতুন প্রস্তাব দিতে হবে গ্রিসকে। এতে ব্যর্থ হলে ইউরোজোন থেকে বের হয়ে যেতে হতে পারে গ্রিসকে।
প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, 'পরবর্তী কয়েক ঘণ্টার ওপর অনেক কিছু নির্ভর করছে।'
শনিবার গ্রিসের নতুন প্রস্তাব পর্যালোচনা করে দেখবেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। এর পর রবিবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা এ নিয়ে বৈঠক করবেন।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বৃহস্পতিবার জানিয়েছে যে তিনি অ্যালেক্সিস সিপ্রাসের সাথে কথা বলেছেন এবং এথেন্সের কাছ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র: বিবিসি