‘দলে সময় দিতে সৈয়দ আশরাফকে দায়িত্ব থেকে অব্যাহতি’

 
দলকে আরো বেশি সময় দেয়ার জন্য সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হতে পারে বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বাবুবাজার সেতু এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী হয়তো মনে করেছেন, সৈয়দ আশরাফ অতিরিক্ত ভার বহন করছেন। দলে আরো বেশি সময় দেয়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।
 
তিনি বলেন, কাউকে কোনো পদে রাখা না রাখা প্রধানমন্ত্রীর এখতিয়ার। সরকার প্রধান যাকে প্রয়োজন মনে করেন তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। আবার সরিয়ে দেয়ার প্রয়োজন মনে করলে তাকে সরিয়ে দেন।
 
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে।