সময়সীমা পার করেও ইরান-বিশ্বশক্তির আলোচনা

 
 
আরো একটি সময়সীমা পার হওয়া সত্ত্বেও ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করতে শুক্রবারও আলোচনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরান ও ছয় বিশ্বশক্তি—ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও জার্মানি খুব অল্প সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছিল। খবর বিবিসি ও রয়টার্সের।
 
যুক্তরাষ্ট্র এবং অন্য প্রধান শক্তিগুলো কোনো তাড়াহুড়োর মধ্যে নেই বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার জানান। বিষয়টি নিয়ে ইরানও একই ধরনের কথা বলেছে।
 
এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তি প্রায় হয়ে গেছে বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার রাশিয়ার উফা শহরে ব্রিক্স শীর্ষ সম্মেলনের বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
ল্যাভরভ বলেন, ‘আমরা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এটি হাতের নাগালে চলে এসেছে।’ তিনি আরো বলেন, ‘একটি নতুন, স্থায়ী চুক্তি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পথ খুলে দেবে।’
 
ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল—পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বিরোধ দূর করার জন্য কিছু নতুন প্রস্তাব দিয়েছে ইরান। কিন্তু পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন—তারা ইরানের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব পাননি।
 

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর অভিযোগ—পরমাণবিক কর্মসূচির মাধ্যমে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি চেষ্টা করছে। অপরদিকে, পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার দাবি করে আসছে ইরান।