বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা। ৩০.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪০/৯ রান।
সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল (০), লিটন দাস (০) মাহমুদউল্লাহ রিয়াদ (০), সৌম্য সরকার (২৭) মুশফিকুর রহিম (২৪), সাব্বির রহমান (৫), সাকিব আল হাসান (৪৮), মাশরাফি বিন মুর্তজা (৪) ও জুবায়ের হোসেন (৫)।
ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান তামিম। একই ওভারের পঞ্চম বলে লিটন দাস ক্যাচ তুলে দেন বেহারদিয়েনের হাতে। আর ষষ্ঠ বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা।
অস্টম ওভারের দ্বিতীয় বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে সৌম্য সরকার (২৭) রাবাদার চতুর্থ শিকারে পরিণত হন।
এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সতর্ক ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে বাংলাদেশ। কিন্ত ২০ তম ওভারে ডুমিনির বলে ইমরান তাহিরের হাতে ধরা পড়েন মুশফিক (২৪)। ফলে আবারো চাপে পড়ে টাইগাররা।
২৩তম ওভারে ক্রিস মরিসের বলে বোল্ড হয়ে যান সাব্বির (৫)। ২৬তম ওভারের প্রথম বলে সাকিব আল হাসানকে (৪৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইমরান তাহির।
আর ২৯তম ওভারের পঞ্চম বলে রাবাদার পঞ্চম শিকারে পরিণত হন মাশরাফি। ৩১ তম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান জুবায়ের হোসেন। এটা ছিল রাবাদার ষষ্ঠ উইকেট।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৫টা ৪০ মিনিটে। এ কারণে খেলা ১০ ওভার কমিয়ে ৪০ ওভার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ দলে আজ নেই আরাফাত সানী, রুবেল হোসেন ও এনামুল হক বিজয়। সানীর পরিবর্তে নেয়া হয়েছে জুবায়ের হোসেন লিখনকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে নেই ফাঙ্গিসো, পার্নেল, মরকেল ও ম্যাকলারেন।
বাংলাদেশের স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, জুবায়ের হোসেন, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : আমলা, ডি কক, ডু প্লেসিস, রুশো, ডুমিনি, মিলার, বেহারদিয়েন, মরিস, অ্যাবোট, রাবাদা ও তাহির।