বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কিরাত ও রচনার চূড়ান্ত প্রতিযোগিতা-২০১৫ শুক্রবার বাদজুমা রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
আযানে ২২ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন স্পেশাল ব্রাঞ্চের কনস্টবল বিল্লাল হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন নৌপুলিশের কনস্টবল এম মহিউদ্দিন এবং তৃতীয় হয়েছেন র্যাব সদরদফতরে পেটি অফিসার নূর মোহাম্মদ ।
কিরাতে ২১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের নায়েক মির্জা আল ফরিদ, দ্বিতীয় হয়েছেন র্যাব সদর দফতরের পেটি অফিসার নূর মোহাম্মদ এবং তৃতীয় হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টবল মো. মজিবুর রহমান।
‘ইসলামের দৃষ্টিতে জীবন দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন অ্যান্ড প্রটোকল বিভাগের এএসআই (এবি) কবিরুল ইসলাম প্রথম, স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শেখ রেজাউল কবির দ্বিতীয় এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কনস্টবল নাজমুল হাসান তৃতীয় হয়েছেন। অনুষ্ঠানে আযান ও কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীগণ আযান ও কিরাত শোনান।
পুলিশ সদর দফতরের ডিআইজি (এইচআর) ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) আবুল কাশেম, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মইনুর রহমান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত ডিআইজি (প্রশিক্ষণ ও ক্রীড়া) ফিরোজ আল মুজাহিদ খান ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল-সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।